|
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটি রেস্তোরাঁয় কাজ করে চলছিল তাঁর জীবন। নিয়ম করে প্রতিদিন মায়ের সঙ্গে কথা বলতেন। কিন্তু ১৬ দিন ধরে বন্ধ তাঁর মোবাইল ফোন। কর্মস্থলেও যাচ্ছেন না তিনি। সহকর্মী ও পরিচিতদের কাছেও নেই কোনো খোঁজ।
হবিগঞ্জের চুনারুঘাটের যুবক খলিলুর রহমান রিফাতের (২৭) নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। সন্তানের সন্ধান না পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা সাফিয়া আক্তার।
রিফাত চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের আজিজুল হকের দ্বিতীয় সন্তান। প্রায় ছয় বছর ধরে তিনি ওমানে বসবাস করছেন। পরিবারের সদস্যরা জানান, ১৬ দিন আগে মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয় রিফাতের। তখন তিনি ভালো আছেন বলে জানিয়েছিলেন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
প্রথম দিকে বিষয়টিকে নেটওয়ার্কের সমস্যা বলে ধারণা করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু এক দিন, দুই দিন করে ১৬ দিন পেরিয়ে গেলেও রিফাতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে পরিবারের উদ্বেগ বাড়তে থাকে।
পরে ওমানে থাকা রিফাতের সহকর্মী, কক্ষের সঙ্গী ও পরিচিত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করেন স্বজনেরা। কিন্তু তাঁরাও রিফাতের কোনো সন্ধান দিতে পারেননি। পরিবারের দাবি, রিফাত মাসকাটের যে রেস্তোরাঁয় কাজ করতেন, সেখানেও যাচ্ছেন না। রেস্তোরাঁটির বিদেশি মালিকের সঙ্গে যোগাযোগ করা হলেও রিফাতের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় চুনারুঘাটের কালিশীরি গ্রামের বাড়িতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ছেলের চিন্তায় বারবার মূর্ছা যাচ্ছেন মা সাফিয়া আক্তার। সন্তানের সন্ধানে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন বাবা আজিজুল হক। ১৬ দিন ধরে ছেলের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে।
ছেলের সন্ধান চেয়ে সাফিয়া আক্তার বলেন, ‘আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন দিত। ১৬ দিন ধরে আমার বুকটা খালি। আমার ছেলে বেঁচে আছে কি না, তাও জানি না। আমার ছেলেকে খুঁজে পেতে আমি সরকার ও প্রবাসী ভাইদের সাহায্য চাই।’
রিফাতের সন্ধান পেতে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁর বাবা আজিজুল হক।
সূত্র- কালবেলা

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D