সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন

সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মোস্তাক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সুমেল খাঁ বালাগঞ্জ উপজেলার গোপক গ্রামে তইমুজ খাঁর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৫ নভেম্বর রাতে বালাগঞ্জ উপজেলা হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে সুমেল খাঁর বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

সরকারি কৌঁসুলি মোস্তাক আহমদ বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুমেল খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, জরিমানার সম্পূর্ণ অর্থ ভুক্তভোগী ও তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আসামি জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য সিলেটের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট