সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১

সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮০ জনে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ২০১ জন রোগী ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৬২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৯৬ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

মৃত্যুর হিসাবেও পরিস্থিতি উদ্বেগজনক। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা সিলেটে ৬৯, হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৫ জন। অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন।

সব মিলিয়ে সিলেটে ৭৩ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮০ জনে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট