পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না : মিফতাহ সিদ্দিকী

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না : মিফতাহ সিদ্দিকী

অনলাইন ডেস্ক : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার বিকেলে সিলেট নগরীর রেজিস্টারী মাঠে এক বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ওয়াসা চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল সাহসী ও গৌরবময় ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।” এ সময় তিনি নেতাকর্মীদের ফ্যাসিস্ট ও গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, “পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ, কোনো চক্রান্ত ও ষড়যন্ত্র তারেক রহমানের সরকার ও বিএনপির অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।”

সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, “কঠিন সংকটময় সময়ে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে সিলেটের রাজপথ দখলে রেখেছিল। দেশ ও দলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাস রুখে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।”

একই সাথে সদস্য সচিব শাকিল মুর্শেদ জানান, যেকোনো অপশক্তি ও চক্রান্ত মোকাবিলায় জেলা স্বেচ্ছাসেবক দল সর্বদা রাজপথে প্রস্তুত রয়েছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মো: নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী ও সৈয়দ সরওয়ার রেজা।

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুল আমিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কুহিনুর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস শহীদ, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরেফিন ফয়সল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মহানগর বিএনপির সাবেক সদস্য টুটুল আহমদ, জাসাসের সাবেক কেন্দ্রীয় নেতা মঞ্জুর হোসেন মজনু এবং ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি.এম আজম।

এছাড়াও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সিলেট জেলার সর্বস্তরের উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সদস্য সচিব ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





 


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট