গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

এসআরবি জানায়, ভুক্তভোগী (১৬) গোলাপগঞ্জ সদর মডেল থানার আমুড়া এলাকার বাসিন্দা। তার সঙ্গে একই এলাকার পাবেল আহমদের পূর্ব থেকে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ মে বিকেলে আমুড়া বাঙ্গালীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সহযোগী আব্দুর রহমানের সহায়তায় পাবেল কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সিএনজিযোগে তুলে নিয়ে যায়। পরে রানাপিং বাজার সংলগ্ন একটি খালি বাড়িতে আটকে রেখে ২৪ ও ২৮ মে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরবর্তীতে বিয়ের বিষয়ে চাপ দিলে আসামি অস্বীকৃতি জানিয়ে কিশোরীকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। পরে কিশোরী পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার মা বাদী হয়ে গোলাপগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

এসআরবি জানায়, মামলার পর আসামিকে গ্রেফতারে তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার আমুড়া এলাকার আব্দুর রহমানের ছেলে পাবেল আহমদ (২০)।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট