|
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা
পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জন বেকার যুবকের দক্ষতা উন্নয়ন ও আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে “বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” প্রদান, সনদপত্র বিতরণ ও এবং পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ।
এসময় প্রশিক্ষণে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং টুলস বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি মহাপরিচালকের এই ঘোষণা বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর। তাই বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সকল ধরনের আন্তঃ সীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে।
তাছাড়া সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরো বলেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য। যাতে তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারে। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পঞ্চগড়ের প্রশিক্ষক, সুশীল সমাজের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক (বিজিবি) এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D