|
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামের একটি ভয়ংকর ম্যালওয়্যার ব্যবহারকারীর ফোন থেকে ওটিপি, ব্যক্তিগত তথ্য, এমনকি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বার্তাও সংগ্রহ করতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।
সাইবারনিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের গবেষকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ম্যানট্যাক্স ওট্যাক্স সাধারণ কোনো ম্যালওয়্যার নয়। এতে স্পাইওয়্যার, র্যানসমওয়্যার এবং রিমোট অ্যাক্সেসের মতো একাধিক ক্ষতিকর সুবিধা রয়েছে। ফলে ফোনে এটি প্রবেশ করলে ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারেন সাইবার অপরাধীরা।
গবেষকদের তথ্য অনুযায়ী, ম্যালওয়্যারটি ফোনে আসা এসএমএসের নোটিফিকেশন পড়তে পারে। ফলে বিভিন্ন সেবায় লগইন কিংবা অনলাইন লেনদেনের সময় আসা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) অপরাধীদের হাতে চলে যেতে পারে।
এ ছাড়া ফোনকলের তালিকা, যোগাযোগের তথ্য, ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ইনস্টল করা অ্যাপ, অবস্থান এবং গুগল অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্যও সংগ্রহ করতে পারে ম্যালওয়্যারটি।
শুধু তথ্য চুরিই নয়, ফোনের পর্দায় ব্যবহারকারী কী করছেন, সেটিও গোপনে নজরদারি করতে পারে ম্যানট্যাক্স ওট্যাক্স। অ্যান্ড্রয়েডের মিডিয়া প্রজেকশন সুবিধা ব্যবহার করে ফোনের পর্দার ছবি ও অন্যান্য তথ্য ধারণের সক্ষমতা রয়েছে। এমনকি সামনের ও পেছনের ক্যামেরা গোপনে চালু করে ছবি তুলে তা দূরে থাকা অপরাধীদের কাছে পাঠাতেও পারে।
গবেষকেরা জানিয়েছেন, গুগল প্লে স্টোরের বাইরে থাকা বিভিন্ন তৃতীয় পক্ষের ফাইল শেয়ারিং প্ল্যাটফর্মে ক্ষতিকর এপিকে ফাইলের মাধ্যমে ম্যালওয়্যারটি ছড়ানো হচ্ছে। ফিশিং লিংক, মেসেজিং প্ল্যাটফর্ম এবং সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণার মাধ্যমেও এটি ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।
অ্যান্ড্রয়েড ৯ বা তার আগের সংস্করণে চলা পুরোনো স্মার্টফোনগুলোতে এই ম্যালওয়্যারের ঝুঁকি তুলনামূলক বেশি। তবে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীরাও পুরোপুরি নিরাপদ নন।
তাই অচেনা কোনো লিংক থেকে এপিকে ফাইল ডাউনলোড না করা, অপরিচিত উৎস থেকে অ্যাপ ইনস্টল না করা, গুগল প্লে প্রটেক্ট চালু রাখা এবং ফোনের অপারেটিং সিস্টেম নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D