শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর পুল সংলগ্ন মৌলভীবাজার রোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয় হনুমানটি।

স্থানীয় সিএনজি চালক অখিল মালাকার সড়কের পাশে আহত অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। তিনি হনুমানটির মুখে পানি দেওয়ার পাশাপাশি সেটিকে বাঁচানোর চেষ্টা করেন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করেন। পরে তারা হনুমানটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হনুমানটিকে মৃত ঘোষণা করেন। সজল দেব জানান, হনুমানটি একটি প্রাপ্ত বয়স্ক ছিল এবং এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

পরে মৃত মুখপোড়া হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট