|
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। ইউরোপের ‘শেনজেন’ ভিসার আদলে এই ভিসা প্রথা চালু হলে বিদেশি পর্যটকেরা একটি মাত্র ভিসা দিয়েই পুরো উপসাগরীয় অঞ্চল ভ্রমণ করতে পারবেন।
গত ৬ সেপ্টেম্বর রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর এক বিশেষ অধিবেশনে জিসিসির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইবি এই তথ্য জানান। তিনি বলেন, এই একক ভিসা চালুর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য জিসিসিভুক্ত ছয়টি দেশে যাতায়াত অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। তবে এটি আনুষ্ঠানিকভাবে চালুর নির্দিষ্ট তারিখ, আবেদনের প্রক্রিয়া কিংবা ফি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ নামে পরিচিত এই প্রক্রিয়ার মাধ্যমে বিদেশি পর্যটকেরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার, ওমান ও কুয়েতে একই ভিসায় যাতায়াত করতে পারবেন। জিসিসির পর্যটন ও স্বরাষ্ট্রমন্ত্রীরা ইতিপূর্বেই এই প্রস্তাবের অনুমোদন দিয়েছেন এবং বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ এটি বাস্তবায়নে কাজ করছে।
জিসিসি মহাসচিব জানান, এই অঞ্চলকে একক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং সদস্য দেশগুলোর মধ্যকার অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সদস্য দেশগুলোর নাগরিকদের যাতায়াত সহজ করতে ইউএই ও বাহরাইনের মধ্যে বায়োমেট্রিক ও ই-গেট সুবিধাসম্বলিত ‘ওয়ান-পয়েন্ট এয়ার ট্রাভেলার্স’ ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে, যা ভবিষ্যতে পুরো অঞ্চলে সম্প্রসারণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D