সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার

সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার আঙ্গারজুর এলাকার মিসবাউর রহমানের ছেলে এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), একই এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে এহসান হোসেন (২৫), খাসা এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাহি (২৫) এবং আঙ্গারজুর এলাকার মৃত শাহ মোবারক হোসেনের ছেলে শাহ তাহমিদ আহমদ (৩৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে সিলেট নগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করা হয়।

মামলাগুলো হলো- ১৮ জুন ২০২৬ তারিখে দায়ের করা মামলা নম্বর-২৬ এবং ৩০ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা মামলা নম্বর-৫৩, উভয়ই সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায়।

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট