সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ পিকআপ জব্দ

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ পিকআপ জব্দ

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতাসহ একটি নম্বরবিহীন ডিআই পিকআপ আটক করা হয়েছে। জব্দ করা চা-পাতার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজারস্থ সাহেববাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) বিধান দেব সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি নম্বরবিহীন ডিআই পিকআপ পুলিশের সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশ গাড়িটিকে পেছন থেকে ধাওয়া করলে চালক ও সঙ্গে থাকা ব্যক্তিরা এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকার ফতেগড় সাকিনস্থ ডাক্তার লিয়াকত আলীর বাসার সামনে সাহেবের বাজার থেকে ধোপাগুলগামী পাকা সড়কের ওপর পিকআপটি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ পরিত্যক্ত পিকআপটি তল্লাশি করে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে। জব্দ করা চা-পাতার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট