সিলেটে দুই বেকারিতে জরিমানা, একটি সিলগালা

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

সিলেটে দুই বেকারিতে জরিমানা, একটি সিলগালা

সিলেট নগরীর আম্বরখানা খাসদবির ও বাদামবাগিচা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং নিষিদ্ধ উপকরণের ব্যবহারের দায়ে দুটি বেকারিকে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে সিলগালা এবং অন্যটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, খাসদবির এলাকার ‘রুপালি বিস্কুট বেকারি’তে বিস্কুট তৈরির লাইসেন্স থাকলেও সেখানে নিয়মবহির্ভূতভাবে অন্যান্য খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেন।

পরবর্তীতে বাদামবাগিচা এলাকার ‘প্রেসিডেন্ট হোম মেইড বেকারি’তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে খাবারে নিষিদ্ধ উপকরণের মিশ্রণ, মোড়কবিহীন পণ্য এবং অগ্রিম উৎপাদন তারিখ ব্যবহারের মতো গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। অভিযানের সময় মালিকপক্ষ উপস্থিত না থাকায় এবং জনস্বাস্থ্যের হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে বেকারিটি সাময়িকভাবে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত তদারকির অভাবে অনেক প্রতিষ্ঠানই স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না। জনস্বাস্থ্য রক্ষায় তারা প্রশাসনের আরও কঠোর নজরদারি দাবি করেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরজুড়ে এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট