|
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬
এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন ব্যবস্থায় শুধু নম্বর যোগ বা গণনায় ভুল হয়েছে কি না, তা যাচাইয়ের পাশাপাশি উত্তরপত্র সম্পূর্ণ পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, প্রস্তুতি ভালো থাকার পরও অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পায় না। নতুন ব্যবস্থায় যারা উত্তরপত্র পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনরায় পরীক্ষা করা হবে। মূল্যায়নে কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, এতদিন খাতা পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে মূলত নম্বর যোগ, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না এবং নির্ধারিত কিছু বিষয় যাচাই করা হতো। এখন আইন সংশোধনের মাধ্যমে উত্তরপত্র পুনঃপরীক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে।
পুনঃনিরীক্ষণের সময় খাতা আবার মূল্যায়ন করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরপত্র একটি কমিটির সামনে পুনরায় রিভিউ করা হবে। কোনো শিক্ষকের মূল্যায়নে ভুল হয়ে থাকলে কিংবা কোনো উত্তরের জন্য শিক্ষার্থী প্রাপ্য নম্বর না পেলে রিভিউ কমিটি তা যাচাই করবে। পুনঃপরীক্ষণের পর শিক্ষার্থী যে নম্বর পাওয়ার যোগ্য, তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন শুরু করতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
আবেদনের পর বিষয়ভিত্তিক ফলাফল দেখে এক বা একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য নির্বাচন করা যাবে। এরপর ‘ফি প্রদান করুন’ অপশনে গিয়ে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
প্রতিটি পত্রের পুনঃনিরীক্ষণ ফি ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে। আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন করা যাবে। কিন্তু একবার ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না এবং জমা দেওয়া ফিও ফেরত দেওয়া হবে না। ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D