|
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬
প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবারও লটারিপদ্ধতি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি ছাড়া অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি থেকে পরবর্তী সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারিপদ্ধতি বাতিল করে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনি জানিয়েছিলেন, পরীক্ষাটি খুব জটিল হবে না; সাধারণ মানের পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সেই ঘোষণা থেকে সরে এসে প্রথম শ্রেণির ক্ষেত্রে লটারিপদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারিপদ্ধতি চালু করা হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা কার্যকর হয়। সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো। পরে কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি শুরু হয়, যা এখন পর্যন্ত চলমান রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D