মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা

মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়ম অনুযায়ী মালিকানা হস্তান্তর না করায় অনেক সাবেক গাড়ির মালিক আর্থিক ও আইনি জটিলতায় পড়ছেন। এ অবস্থায় সংশ্লিষ্টদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (২৪ জুন) বিআরটিএর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মোটরযানের মালিকানা পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক ক্ষেত্রে মোটরযান বিক্রির পর নতুন ক্রেতারা আইনানুগ প্রক্রিয়ায় মালিকানা পরিবর্তন না করেই যানবাহন ব্যবহার করছেন। এর ফলে যানবাহনের কর, সারচার্জ এবং অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামেই বহাল থাকছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু এ নিয়ম অনুসরণ না করলে অগ্রিম আয়কর, বিশেষ ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায়ভার সাবেক মালিকের ওপর বর্তাতে পারে।

এ সমস্যা সমাধানে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আরও সহজ করেছে বিআরটিএ। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, মালিকানা পরিবর্তনের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করা হবে এবং একই দিন মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ ছাড়া নতুন মালিকও একই দিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সনদের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।

বিআরটিএ আরও বলেছে, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে নানা ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই আইন অনুযায়ী দ্রুত মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।