১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬
ভারতের অনুমতি না পাওয়ায় নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে। ফলে সোমবার (১৫ জুন) থেকে আগের মতোই ৪০ মেগাওয়াট বিদ্যুৎই বাংলাদেশে সরবরাহ করবে নেপাল।
বিদ্যুৎ খাত–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সঞ্চালন লাইনের সক্ষমতা সংকটের কথা উল্লেখ করে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (সিইএ) অতিরিক্ত বিদ্যুৎ পরিবহনের অনুমোদন দেয়নি। এতে পরিকল্পিত সম্প্রসারণ কার্যক্রম আপাতত থেমে গেছে।
নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) বিদ্যুৎ বাণিজ্য বিভাগের পরিচালক থারকা বাহাদুর থাপা বলেন, ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের (এনভিভিএন) মাধ্যমে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান ১ হাজার মেগাওয়াট ক্ষমতার ভারত–বাংলাদেশ আন্তঃসংযোগ সঞ্চালন লাইনে অতিরিক্ত চাপ নেওয়ার সুযোগ নেই।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত নেপাল–ভারত যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) বৈঠকে বিদ্যমান ৪০ মেগাওয়াটের পাশাপাশি আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। কিন্তু বাস্তবায়ন পর্যায়ে গিয়ে ভারতের আপত্তিতে তা আটকে যায়।
এ অবস্থায় এখন নতুন করে সচিব পর্যায়ের যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) এবং জেএসসি বৈঠক আয়োজনের প্রয়োজন দেখা দিয়েছে। তবে এসব বৈঠকের সময় এখনো চূড়ান্ত হয়নি।
বিদ্যুৎ খাতের কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে এই অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করতে হলে নতুন ত্রিপক্ষীয় চুক্তি এবং ভারতের সুনির্দিষ্ট অনুমোদন প্রয়োজন হবে। তা হলে বাংলাদেশে নেপাল থেকে মোট বিদ্যুৎ সরবরাহ ৬০ মেগাওয়াটে উন্নীত হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চূড়ান্ত হয়। ওই চুক্তি অনুযায়ী প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
নেপালের ত্রিশূলী ও চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ ভারতের ধলকেবার–মুজাফফরপুর এবং বহরমপুর–ভেড়ামারা ৪০০ কেভি সঞ্চালন লাইন হয়ে বাংলাদেশে আসে। অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুতের ক্ষেত্রেও একই অবকাঠামো ব্যবহারের পরিকল্পনা থাকলেও ভারতের অনুমোদন না মেলায় তা আপাতত অনিশ্চিত।
বর্তমানে বাংলাদেশ নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ৬.৪০ মার্কিন ডলারে কিনছে। নতুন ২০ মেগাওয়াটের ক্ষেত্রেও একই দর প্রযোজ্য হওয়ার কথা ছিল বলে জানিয়েছে এনইএ।
নেপাল বর্তমানে ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ১ হাজার ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পেয়েছে। চলতি অর্থবছরের প্রথম দশ মাসে দেশটি উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করেছে বিদ্যুৎ রপ্তানি থেকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D