১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬
রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা যাচাই, আবেদন ফি জমাসহ বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে এতে।
বুধবার (১০ জুন) থেকে অনলাইনে শুরু হয়েছে ভর্তির আবেদন। আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।
আগামী ৫ জুলাই থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষে ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথমবর্ষের ক্লাস।
বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা- এ তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে (www.dcu.ac.bd) আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ৮০০ টাকা জমা দিতে হবে তাদেরকে।
ভর্তিচ্ছুরা আবেদনের যোগ্যতাসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে বলে জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ জুলাই বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৭ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফল প্রকাশের তারিখও আগাম জানিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ১৪ জুলাই প্রকাশ করা হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার ফল প্রকাশ করা হবে ২০ জুলাই।
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ৭ কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D