হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিলো ইরান

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬

হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিলো ইরান

লেবাননের ১০ দিনের চলমান যুদ্ধবিরতির মধ্যে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে ইরান। ফলে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

তবে প্রণালিটিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সমঝোতার প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সেখানে তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে পণ্যবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ (নেভাল ব্লকেড) বহাল থাকবে।

এ বিষয়ে তিনি আর বলেন, আলোচনার বেশিরভাগ বিষয় ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছে। ফলে পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত।

এর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। পরে ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

এর আগে ৮ এপ্রিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননও ওই যুদ্ধবিরতির আওতায় ছিল বলে বারবার বলে আসছিল ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও সেটাই বলছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করছিল। ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল। ইরান দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হলে গতকাল বৃহস্পতিবার লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপর আজ ইরান বলল, লেবাননে যুদ্ধবিরতির ১০ দিন হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট