দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫১,১৮৪ টাকা

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫১,১৮৪ টাকা

বছরের শুরু থেকেই চরম অস্থিরতা বিরাজ করছে স্বর্ণের দাম নিয়ে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় বজায় রাখতে গিয়ে দেশের বাজারে ইদানীং ১২ ঘণ্টাও টিকছে না নতুন দাম। রাতে এক দাম নির্ধারণের পর আবার দিনের প্রথম ভাগেই দাম পরিবর্তন করে ফেলছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনকে (বাজুস)।

সোমবারও (২ ফেব্রুয়ারি) ব্যতিক্রম ঘটেনি এ ধারার। রোববার রাতে ভরি প্রতি ১ হাজার ৯২৫ টাকা কমানোর পর এদিন সকাল সাড়ে ১০ টার দিকে আবারও পরিবর্তন করা হয়েছে স্বর্ণের দাম। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

এবার দাম এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা ঠিক করেছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বর্তমানে ৭ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা এখন দেশের বাজারে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট