২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য ১০টি জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচন চলাকালে সারাদেশে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে।
নির্বাচনকালীন সময়ে প্রতিটি সিটি করপোরেশনে ৬টি, বিভাগীয় পর্যায়ে ৪টি, জেলা পর্যায়ে ৩টি, উপজেলা পর্যায়ে ২টি এবং ইউনিয়ন পর্যায়ে ১টি করে মেডিক্যাল টিম গঠন করতে হবে। জনবল ও প্রয়োজনীয়তার ভিত্তিতে টিমের সদস্য নির্ধারণ করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা স্বাস্থ্য প্রশাসক।
এ সময় জরুরি বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিষ্ঠান প্রধানকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। কোনো কারণে প্রতিষ্ঠান প্রধান ছুটিতে থাকলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর প্রতিও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখতে হবে।
রোগী রেফার্ড করার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও যথাযথ কাউন্সেলিং নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করতে হবে।
এ ছাড়া জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিতভাবে খোলা রাখতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখতে হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D