মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬

মাদারীপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাদারীপুর সদরের ঘটকচর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রুমান মিয়া (২৫), মাদারীপুর পৌরসভা শকনী কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সি ছেলে পান্নু মুন্সি (৫০), মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে ও অটোচালক সাগর বেপারী (২৮)।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আহাদউজ্জামান বলেন, উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে চাপ দিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট