২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
বুধবার(১৪ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ফক্স নিউজকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ব্যাপক অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ স্মারকলিপির উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হতে পারেন এমন সম্ভাব্য অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এবং দেশটির জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার রোধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তালিকার দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া ততক্ষণ স্থগিত থাকবে যতক্ষণ না পররাষ্ট্র দপ্তর তাদের বর্তমান প্রক্রিয়াগুলো পুনর্মূল্যায়ন শেষ করছে।
স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলোর তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ভুটান ছাড়াও রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল ও নাইজেরিয়ার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো রয়েছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ। তবে এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ হতে ঠিক কতদিন সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসন বন্ধ এবং বৈধ অভিবাসনের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাইয়ের ওপর জোর দিয়ে আসছেন। এই নতুন আদেশের ফলে উচ্চশিক্ষা, চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক লাখ লাখ আবেদনকারী চরম অনিশ্চয়তার মুখে পড়লেন। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D