৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
হবিগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স, জিরা, পেঁয়াজ, মদ ও যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এ তথ্যটি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। ভ্যানটিতে কাঠের গুড়া ভর্তি বস্তা থাকলেও সন্দেহ হলে সব বস্তা নামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির ভেতরে অভিনব কায়দায় তৈরি গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়।
একই এলাকায় আরেকটি বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স ও জিরা জব্দ করা হয়।
এছাড়া, ব্যাটালিয়নের অধীনস্থ সিন্দুরখান ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী চোরাচালানপ্রবণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় পেঁয়াজ এবং ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এ বিষয়ে লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব অপরাধ দমন শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, দেশের অর্থনীতিকেও সুরক্ষিত রাখছে।”
তিনি আরও জানান, জব্দকৃত পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস ও মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D