পরমাণু বিজ্ঞানে ইরানের তিন নতুন সাফল্য

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫

পরমাণু বিজ্ঞানে ইরানের তিন নতুন সাফল্য

পরমাণু বিজ্ঞানে নতুন তিনটি বড় সাফল্যের ঘোষণা দিয়েছে ইরান। চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য এসব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। খবর জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জনের কথা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থার (এইআওই) প্রধান মোহাম্মদ এসলামী।

অনুষ্ঠানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট তিনটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে- গ্যালিয়াম-৬৮ নামের একটি ডায়াগনস্টিক রেডিওফার্মাসিউটিক্যাল, যা মূলত মেটাস্ট্যাটিক মেলানোমা শনাক্তে ব্যবহৃত হবে; লুটেটিয়াম-১৭৭, একটি থেরাপিউটিক রেডিওফার্মাসিউটিক্যাল, যা ক্যানসার চিকিৎসায় কার্যকর।

এছাড়া হাড়ের ব্যথা চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) চিকিৎসা যন্ত্রও প্রদর্শন করা হয়।

একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক।

ইরান সরকার জানিয়েছে, এই নেটওয়ার্কের মাধ্যমে দেশটির পারমাণবিক গবেষণার সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা হবে।

পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী বলেন, উদ্ভাবন ও গবেষণার ধারণাকে দ্রুত বাস্তব ও ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করাই এখন সংস্থার প্রধান অগ্রাধিকার।

তিনি জানান, ২০২৩ সালে একই প্রদর্শনীতে ইরান ৫০টি রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনের ঘোষণা দিয়েছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০টিতে এবং আরও ২০টি রেডিওফার্মাসিউটিক্যাল গবেষণাধীন পর্যায়ে রয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব অগ্রগতি ইরানের চিকিৎসা বিজ্ঞান ও পারমাণবিক গবেষণায় দেশটির সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট