২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫
ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন সব মামলায় জামিন পেয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হারুন অর রশীদ সর্বশেষ মামলায় তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে চারটি মামলার সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন।
বিবাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানান, “চারটি মামলায়ই জামিন পাওয়ায় সুমন এখন মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই।”
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর মধ্যরাতে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার কালীবাড়িস্থ নিজ বাসা থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে সিলেট সিটি করপোরেশনের ফটক ভাঙচুর এবং সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের দুটি পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে আরও দুটি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়।
এর আগে ২৮ অক্টোবর ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলনের সময় চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে সুমনসহ কয়েকজন রাজনীতিক উপস্থিত ছিলেন। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক নেতাদের একটি প্রতিনিধিদল সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে। আলোচনায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি তুলে ধরে শ্রমিকেরা। পুলিশ কমিশনারের আশ্বাসে আন্দোলনকারীরা ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন।
তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার একদিন আগে, ৩১ অক্টোবর মধ্যরাতে সুমনকে পুলিশ তার বাসা থেকে গ্রেফতার করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D