আফগানিস্তানের কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৫

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

আফগানিস্তানের কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটে। কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিওর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

হাসপাতালটির জরুরি বিভাগের কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক এক বিবৃতিতে বলেন, আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে আসা আহত মানুষ পেয়েছি এবং জানতে পেরেছি, আমাদের হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, নারী ও শিশুসহ মোট ৪০ জন আহত ব্যক্তিকে তাদের হাসপাতালে আনা হয়েছিল, তবে দুর্ভাগ্যবশত পাঁচজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, কাবুলে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারা আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছেন এবং বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভাঙা কাচে রাস্তা ভরে গেছে।

এদিকে, পাকিস্তান ও আফগানিস্তান বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জটিল তবে সমাধানযোগ্য এই অচলাবস্থার সমাধান খুঁজতে উভয় দেশই আলোচনার মাধ্যমে আন্তরিক প্রচেষ্টা চালাবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতভর আফগানিস্তানের স্পিন বোলদাক এবং পাকিস্তানের চামান জেলার প্রত্যন্ত সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষে কয়েকজন নিহত ও আহত হয়েছিল। এই সংঘর্ষের জন্য উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করেছিল।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট