ইসরায়েলের ড্রোন হামলায় এবার মার্কিন ৪ নাগরিক নিহত

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫

ইসরায়েলের ড্রোন হামলায় এবার মার্কিন ৪ নাগরিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিয়মিত সামরিক অভিযানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ইয়েমেন, লেবানন, সিরিয়ার মতো দেশগুলোতেও প্রায়ই হামলা চালায় ইসরায়েল। এসব অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটে নিয়মিত। এবার ইসরায়েলের এমনই একটি ড্রোন হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন মার্কিন এক বাবা ও তার তিন সন্তান।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জবেইলে এই হামলাটি চালায় ইসরায়েল। হামলার কথা ইতোমধ্যে স্বীকার করলেও মার্কিন চার নাগরিকের নিহতের ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জবেইলে একজন হিজবুল্লাহ অপারেটরকে হামলা করে হত্যা করেছে। এই হামলায় আরও কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।
একটি বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, বেসামরিক নাগরিকদের যেকোনো ক্ষতির জন্য তারা দুঃখিত এবং যতটা সম্ভব ক্ষতি কমানোর জন্য তারা চেষ্টা করে। তবে, ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে বলেও জানানো হয়।

এদিকে, লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি রোববার এক বিবৃতিতে দাবি করেছেন, নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক রয়েছেন এবং তারা একই পরিবারের।
নিহত তিন মার্কিন শিশুর নাম সেলিন, হাদি ও আসিল বলে জানা গেছে। তবে, ড্রোন হামলায় নিহত তাদের বাবার নাম জানা যায়নি।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি বলেছেন, আমেরিকান ওই তিন শিশুর মা আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এই দাবির বিরোধিতা করেছেন। তিনি সিএনএনকে জানিয়েছেন, এখনও পর্যন্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নিহত পাঁচজন মার্কিন নাগরিক ছিলেন না।
লেবাননের রাষ্ট্র পরিচালিত এনএনএ নিউজ জানায়, একটি ড্রোন থেকে একটি মোটরসাইকেল এবং একটি মার্সিডিজ গাড়ি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে থাকা বাবা এবং তার সন্তানরা নিহত হন।
এছাড়া, মোটরসাইকেল আরোহী, যিনি হামলার স্পষ্ট লক্ষ্যবস্তু ছিলেন, তিনিও নিহত হয়েছেন।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ হামলাকে ‘নতুন হত্যাযজ্ঞ’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি নৃশংস অপরাধ, দক্ষিণে নিজ গ্রামে ফিরে আসা মানুষদের ভয় দেখানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানানোর আহ্বানও জানিয়েছেন তিনি।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট