বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে কানাডা সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন দেখানো হয়েছে, যার অর্থ— এখানে ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রায় সতর্ক থাকতে হবে।

কানাডা সরকার জানিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, সম্ভাব্য বিক্ষোভ-সংঘর্ষ, হরতাল ও অবরোধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে যেকোনো সময় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, যার আগাম সংকেত পাওয়া নাও যেতে পারে। তাই ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া দেশের পার্বত্য তিন জেলায় (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা সরকার। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কারণে পার্বত্য এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে হবে।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশও বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল।