সিলেটের বালু পাথর লুটপাটের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবী

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫

সিলেটের বালু পাথর লুটপাটের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবী

সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেট বিভাগের ঐতিহ্যবাহী পর্যটন স্পট সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি ও লোভাছড়া থেকে বেআইনীভাবে পাথর ও বালু উত্তোলন করে পর্যটন স্পটের ঐতিহ্য বিনষ্ট করায় এবং বালু-পাথর লুটপাটকালে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক জরুরী সভায় উপরোক্ত দাবী জানানো হয়।

সিলেট নগরীর সুরমা ম্যানশনস্থ সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় সিলেটের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সিনিয়র সদস্য আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, সংগঠক রিয়াজ উদ্দিন আহমদ, এম.এ জলিল, সাবেক মেম্বার ইর্শাদ আলী, শওকত আলী প্রমুখ।

সভায় পাথর-বালু মহাল থেকে পাথর ও বালু অবাদে লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সিলেট বিভাগের ঐতিহ্যবাহী পর্যটন স্পটগুলোর সুরক্ষার দাবী জানানো হয়।

বক্তাগণ ঢাকা-সিলেট সড়ক ও রেলপথ যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা বিনষ্ট হওয়ার কারণে বর্তমানে সিলেট থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা-কিংবা আফ্রিকা যেতে যে সময় লাগে তার চেয়ে অধিক সময় লাগে সিলেট থেকে রাজধানী ঢাকায় যেতে, যা সিলেটবাসীর জন্য অবর্ণনিয় দুর্ভোগ ও দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এহেন অবস্থা নিরসনে অনতিবিলম্বে ঢাকা-সিলেট-তামাবিল ৬ লেন মহাসড়কের কাজ সম্পন্ন করা, আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ও তদারকীতে সিলেট মহাসড়কে যানজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সকল ট্রেনের বগি সংখ্যা বৃদ্ধি করে যাত্রীসেবার মান বৃদ্ধি করা এবং পর্যটক ও সিলেটবাসীর যাতায়াতের সুবিধার্থে ঢাকা-সিলেট রেল পথে আরো ২টি ট্রেন চালুর জোর দাবী জানান। এছাড়া সিলেট-ঢাকা অভ্যন্তরীন রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধিরও দাবী জানান।

সিলেটবাসীর দীর্ঘদিনের দাবী ও আন্দোলনের প্রেক্ষিতে সিলেট বিভাগে ভূমির মালিকানা, খতিয়ান সহ অত্যাবশ্যকিয় দাগের কাজ সম্পন্ন করার জন্য জোনাল সেটেলম্যান অফিস সিলেটে বিভাগীয় সরকারি ছাপাখানা বা প্রেস স্থাপন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা সিলেট বিদ্বেষী চক্রের অপতৎপরতায় প্রেসটি বিভাগীয় শহর সিলেট থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরের অপচেষ্টা চলছে। এ ব্যাপারে সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেটবাসীর পক্ষ থেকে সিলেট বিদ্বেষী অপতৎপরতা ও প্রেস স্থানান্তরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জোনাল সেটেলম্যান অফিসে বিদ্যমান প্রেসটি যথাস্থানে বহাল রাখার দাবী জানানো হয় এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা ও বিভাগীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করা হয়।

সাম্প্রতিকালে সিলেট বিভাগের সর্বত্র চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানী বৃদ্ধি পাওয়ায় এবং সিলেট বিভাগের সকল সড়ক পথে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি সহ শহর কিংবা গ্রাম সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং কিশোর গ্যাং ও উঠতি মাস্তানদের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় সিলেট বিভাগের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। দিন কিংবা রাতে চলাচল ও যাতায়াতে সাধারণ নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভোগছেন। এহেন অবস্থা নিরসনে সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও টহল তৎপরতা বৃদ্ধির দাবী জানান।

নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলমকে সিলেটবাসীর পক্ষে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং তিনি সিলেটবাসীর আশা-আকাঙ্খা বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট