সিলেটে আরেকজনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫

সিলেটে আরেকজনের করোনা শনাক্ত

সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্টের সন্ধ্যান মিলেছে।

এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। করোনায় আক্রান্ত নতুন রোগী সিলেটের স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে এক পুরুষ রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এখন পর্যন্ত সিলেট জেলায় ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৮.১১ শতাংশ।

এর আগে সোমবার পর্যন্ত দুইজন রোগী শনাক্ত হয়েছিলেন, যাদের মধ্যে একজন ৮০ বছর বয়সী পুরুষ, যার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং বর্তমানে তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। অপরজন একজন নারী।

স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ব্যক্তি সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার চিকিৎসা চলছে।

করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে আইসোলেশনে রাখার কার্যক্রম চলছে বলেও জানানো হয়েছে।

সিলেটে করোনা পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তৎপরতা অব্যাহত রয়েছে।