কুলাউড়ায় হাওর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

কুলাউড়ায় হাওর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রফিনগর হাওরে নিখোঁজ হওয়ার দুইদিন পর লোকমান মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ জুন) সকাল ৯টার দিকে ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত লোকমান মিয়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাঁড় খুঁজতে রওনা হন লোকমান। তিনি রফিনগর-মাধবপুর হাওরের দিকে যান। এরপর থেকে দুই দিন লোকমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার (১ জুন) সকালে হাকালুকি হাওরের পানিতে ভেসে থাকা একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লোকমানের পরিবার সেখানে গিয়ে লাশ শনাক্ত করে থানায় খবর দিলে থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, সকালে হাকালুকি হাওরে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট