১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দীর্ঘ ৫০ বছরের আইনি লড়াই শেষে সাড়ে ২২ একর জমি ফিরে পেয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী রেদওয়ানুল হকের উত্তরসূরিরা।
জমির মালিকানা নিয়ে ১৯৭৫ সালে রেদওয়ানুল হক প্রথমে সিলেটের ১ম সাবজজ আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি ১৯৮৫ সালে সুনামগঞ্জে স্থানান্তর হয়। এরপর দীর্ঘ কয়েক দশক ধরে নানা পর্যায়ে মামলার শুনানি চলে। ২০১০ সালে রেদওয়ানুল হক মারা যান।
মঙ্গলবার (২০ মে) আদালতের নির্দেশে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে ওই জমি রেদওয়ানুল হকের উত্তরসূরিদের বুঝিয়ে দেওয়া হয়। লাল কাপড়ে মোড়ানো খুঁটি ও সীমানা পিলার বসিয়ে জমির দখল হস্তান্তর করা হয়। জমির মধ্যে রয়েছে বসতবাড়ি, পতিতজমি, বড়ন্ডি ও দীঘি শ্রেণির ভূমি।
মামলার বিবরণ ও পরিবারসূত্রে জানা যায়, ১৯৭৫ সালের ২৫ জুন শ্রীরামসি গ্রামের রেদওয়ানুল হক একই গ্রামের আব্দুল মোতালিব খাঁন ও আব্দুল মনির খাঁর বিরুদ্ধে স্বত্ববাটোয়ারা মামলা দায়ের করেন। মামলায় ১৯৯৪ সালের ৬ জানুয়ারি প্রথম ডিগ্রি রায় হয়। এরপর ৫/২০০৪ নম্বরভুক্ত স্বত্ব মামলার আওতায় আবারও শুনানি চলে এবং ২০০৭ সালে রেদওয়ানুল হকের পক্ষে চূড়ান্ত রায় হয়।
পরে রায় কার্যকরের জন্য তিনি দখল ও স্বত্বজারির মামলা করেন। তবে বিবাদী পক্ষ হাইকোর্টে আপিল করলে আদালত স্থগিতাদেশ দেন। শেষ পর্যন্ত ২০২৩ সালের ৩০ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের চূড়ান্ত নিস্পত্তির মাধ্যমে মামলার রায় কার্যকর হয়। এর পরিপ্রেক্ষিতে যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের আদেশ অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জমি দখল বুঝিয়ে দেওয়া হয়।
রেদওয়ানুল হকের ছেলে এমদাদুল হক টিপু বলেন, ‘দীর্ঘ ৫০ বছর পর আমাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেয়ে আমরা আনন্দিত। আমার বাবা জীবদ্দশায় সম্পদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এই মামলা করেছিলেন। এ মামলার সঙ্গে জড়িত অনেকেই আজ বেঁচে নেই, আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ‘আদালতের নির্দেশে জমি প্রয়াত রেদওয়ানুল হকের উত্তরসূরিদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা প্রমাণ করেছে, আইনের মাধ্যমে শেষ পর্যন্ত ন্যায়ের জয় হয়। জোর করে কারও সম্পত্তি দখলে রাখা যায় না।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D