প্রধান উপদেষ্টা বরাবরে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের স্মারকলিপি

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মে ২০, ২০২৫

প্রধান উপদেষ্টা বরাবরে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের স্মারকলিপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বরাবরে সম্পদের হিসাব দাখিলে ব্যর্থদের বরখাস্ত, শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম চালু, ঢাকা-সিলেট রোডে বিরতিহীন রেল সার্ভিস সহ বিভিন্ন দাবীতে সিলেটের জেলা প্রশাসক এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ।

২০ মে মঙ্গলবার দুপুরে দুর্যোগপূর্ণ আবহওয়ার মধ্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান এর কাছে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, কেন্দ্রীয় সদস্য- গণসংগঠক আব্দুল গফুর, সরোজ ভট্টাচার্য্য, অরুণ দেবনাথ এডভোকেট, রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক শহীদ আহমদ খান সাবের, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় মোঃ ইমাম হোসেন প্রমুখ।

স্মারকলিপিতে, ৫ই আগস্ট-২০২৪ এর দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানের প্রধান প্রধান লক্ষ্য শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিদ্যমান আইনগুলো কার্যকর করা, যেমন- ১৯৯০ সাল থেকে নিয়ে ২০২৫ সাল পর্যন্ত বড় বড় দুর্নীতিবাজদের তালিকা করে, তাদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করা, রাষ্ট্র সংস্কার, শক্তিশালী স্থানীয় সরকার গঠন, প্রস্তাবিত চাকুরী আইনে সংশোধিত প্রস্তাবে সরকারের নির্দেশনা অমান্যকারী ১ম শ্রেণির সরকারি কর্মকর্তাদের বিষয় সম্পত্তির হিসাব দাখিলে ব্যর্থদের বরখাস্ত করার বিধান অন্তর্ভুক্ত করা, শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম চালু, স্বাধীন দুদক ও ইসি ঘোষণা করা, ইসি পুনর্গঠন, ব্যালট পেপারে নো-ভোটের অপশন বাস্তবায়ন, সিলেট-ঢাকা রোডে বিরতিহীন ট্রেন সার্ভিস চালু, সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু, শহীদ শামসুদ্দীন হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণ করার দাবী জানানো হয়।

বর্ধিত তারিখের মধ্যে কতজন সরকারি কর্মকর্তা তাদের বিষয় সম্পত্তির হিসাব জমা দিয়েছেন তাও গণমাধ্যমে প্রকাশিত হয়নি। দীর্ঘ ৯ মাস পরও ন্যায়পাল কার্যক্রম চালু হয়নি। সর্বগ্রাসী সরকারি দুর্নীতি বন্ধ করতে হলে এই দু’টি বিষয় দ্রুত বাস্তবায়ন করতে হবে। স্বাধীন দুদক ও ইসি ঘোষণা, ইসি পুনর্গঠন, ব্যালট পেপারে নো-ভোটের অপশন বাস্তবায়ন হলেই গণতন্ত্র শক্তিশালী হবে।

বাংলাদেশের উন্নয়নে সিলেটবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সেই সিলেটের জনপ্রিয় গণপরিবহন বাংলাদেশ রেলওয়ে সার্ভিসের মান খুব নিম্নমানের। এতে সিলেটের যাত্রীগণ খুব ভোগান্তির শিকার। তাই সিলেট-ঢাকা রোডে বিরতিহীন ট্রেন সার্ভিস চালু সময়ের দাবী। সিলেটের মানুষের সুচিকিৎসার স্বার্থে সিলেট জেলা হাসপাতালের অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে বহুদিন আগেই। কিন্তু দীর্ঘদিন পরেও চিকিৎসা কার্যক্রম চালু হয়নি। এ নিয়ে সিলেটবাসী বিক্ষুব্ধ। করোনাকালীন সময়ে সিলেটের শহীদ শামসুদ্দীন সদর হাসপাতাল দেশ-বিদেশে সুনাম অর্জন করলেও বর্তমানে অব্যবস্থাপনার কারণে সুচিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত এই হাসপাতালের অব্যবস্থাপনা দুরীকরণ চায় সদরবাসী। সিলেটের নৈসর্গিক পাহাড়-টিলা কেটে প্রায় ৫০ কোটি টাকার পাথর লুট হওয়ার সংবাদ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। রাজনৈতিক পরিচয়ে এই পাথর লুটকারীরা এখনো গ্রেফতার হয়নি। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের সম্পদ জব্ধ করে ৫০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবী সিলেটবাসীর।

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উক্ত বিষগুলো আমলে নিয়ে দ্রুত বাস্তবায়ন করার জোর দাবী জানানো হয়। জুলাই-আগস্টের বীর শহীদদের রক্তে ঋণ পরিশোধের লক্ষ্যে দাবীগুলো বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট