সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের উপর হামলা

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৫

সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের উপর হামলা

সুনামগঞ্জের তাহিরপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কামাল হোসেন রাফির উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি জাতীয় দৈনিক সংবাদ’র তাহিরপুর উপজেলা প্রতিনিধি।

গত রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের বাদাম পট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত সাংবাদিক কামাল বাদী হয়ে বাদল মিয়াকে প্রধান অভিযুক্ত করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন উপজেলার সাংবাদিক মহল। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তাঁরা।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাংবাদিক কামাল সীমান্তের চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে। এমন সংবাদ প্রকাশের কারনে মাদক কারবারিদের একটি অংশ কামালের উপর ক্ষিপ্ত ছিল। তাঁকে নানাভাবে হুমকি দিতো।

ঘটনার দিন সকালে যাদুকাটা নদীতে মানববন্ধনের সংবাদ সংগ্রহের জন্য বাড়ি থেকে রওনা হয়ে বাদাঘাট বাজারের বাদাম পট্টি এলাকায় পৌঁছালে সেখানে কামালের গতিরোধ করে হামলা করে অভিযুক্তরা। হামলায় বাদল মিয়ার নেতৃত্বে আরো অংশ নেয় মনির মিয়া (২৬), সাব্বির মিয়া (২২) সুরত জামালসহ অন্তত দশ-বারোজনের একটি সংঘবদ্ধ গ্রুপ। পরে খবর পেয়ে নিকটস্থ বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এই ঘটনায় আহত সাংবাদিক কামাল হোসেন রাফি বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট