১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মে ৬, ২০২৫
বিয়ের মাত্র দু’দিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদিআরব ফেরত হুসাইন আহমদ বাবলু (২৫) নামের এক যুবক। এ ঘটনায় আরও ১জন আহত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকাল পৌণে ৩ টায় সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরেক আরোহী কাওছার আহমদ। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত হুসাইন আহমদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৯ মে (শুক্রবার) হুসাইন আহমদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনে ছিলেন গোটারগ্রাম এলাকার আব্দুল হালিমের কন্যা মাহমুদা জান্নাত। ইতোমধ্যে আকদ সম্পন্ন হয়েছে।
বিয়ের ঘর সাজানো, অতিথিরা আগত, বাড়িতে উৎসবমুখর পরিবেশ—সবকিছু মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে। যে গেট দিয়ে বর সেজে যাওয়ার কথা ছিল, এখন সেই গেট দিয়েই ফিরবে তার নিথর দেহ। এমন হৃদয়বিদারক দৃশ্যে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা, প্রতিবেশীরা।
হুসাইন আহমদ বাবলুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয় স্বজন ও স্থানীয়দের চোখে এখন শুধুই বেদনার ছাপ। বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকাবহ পরিবেশে।
স্থানীয় মাদাননগর গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী জসিম আহমদ বলেন, মোটর সাইকেল আরোহী যুবক একটি গাড়ি অভারটেক করে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান। তাৎক্ষণিক আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে রাস্তায় মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তবে তার সাথে থাকা কাওছার আহমদ তেমন কোন আঘাত পাননি।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনার বিষয়ে আমাদের কেউ কোন খবর জানায়নি। সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে জানালে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D