১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

আর মাত্র ক’দিন পর খুশির ঈদ। এবারে ঈদুল ফিতরে টানা ৯দিন ছুটি হওয়াতে সিলেটে প্রায় ১৫ লাখ পর্যটক সমাগমের আশা করছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। তাই সিলেটের পর্যটন স্পটগুলোতে এখন সাজ সাজ রব। পর্যটক বরণে স্পটগুলোতে শেষ সময়ের প্রস্ততি চলছে। ভ্রমণপিপাসুদের নজর কাড়তে এরই মধ্যে শেষ হয়েছে ধোয়ামোছা ও সৌন্দর্য বর্ধনের কাজ। এ খাতের ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি ও রাতারগুলে বেশি পর্যটক ভিড় জমাবেন। এ ছাড়া সিলেটের বিভিন্ন চা-বাগান দেখতে ভিড় করবেন পর্যটকেরা।
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেটের উঁচু-নিচু পাহাড় আর ঢেউ খেলানো চা-বাগান নিমিষেই পর্যটকের মন কেড়ে নেয়। মন মাতানো এমন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতিবছরই ঈদ কিংবা বিভিন্ন ছুটির দিনে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোয় ভিড় করেন পর্যটকেরা। এর মধ্যে অন্যতম- জাফলং, সাদা পাথর, লালাখাল, শ্রীপুর, রাতারগুল, পান্তুমাই, মায়াবতি ঝরনা, জৈন্তিয়া রাজবাড়ী, ডিবির হাওর, বিছানাকান্দি, লোভাছড়া, মাধবকুন্ড, চেরাপুঞ্জি, জকিগঞ্জের তিন নদী সুরমা-কুশিয়ারা-বরাক মোহনা, একাধিক চা বাগান। এ ছাড়াও দেখার মতো অনেক কিছুই রয়েছে এখানে। দেখার মতো অনেক স্থাপনাও রয়েছে আউলিয়ার শহর সিলেটে। তার মধ্যে অন্যতম- কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি, চাঁদনি ঘাটের সিঁড়ি, জিতু মিয়ার বাড়ি, হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার, খাদিমনগর জাতীয় উদ্যান, শাহী ঈদগাহ, রাজা গৌর গোবিন্দের টিলা প্রভৃতি।
এদিকে, ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের পর্যটন স্পটগুলোতে এখন সাজ সাজ রব। পর্যটক আকর্ষণে এরই মধ্যে শেষ হয়েছে ধোয়ামোছা ও সৌন্দর্য বর্ধনের কাজ।
পর্যটন খাতের ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুলে বেশি পর্যটক ভিড় করবে। এ ছাড়া সিলেটের বিভিন্ন চা-বাগান দেখতে ভিড় জমাবেন পর্যটকেরা। ঈদে প্রায় ১৫ লাখ পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন এবার আবহাওয়াও অনেকটা পর্যটকদের অনুকূলে থাকবে। ঈদ পরবর্তী এক সপ্তাহ সিলেটে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে এ সময়টাতে তাপমাত্রার পারদ ৩৫ থেকে ৩৬ ডিগ্রির ঘরে ওঠানামা করবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, এবার জাফলং পর্যটকদের আকর্ষণ হতে পারে। আগের তুলনায় যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সেখানে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছি। এ ছাড়া পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা একযোগে তৎপরতা চালাবেন। পর্যটকেরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য উপজেলায় পরিবহন, ঘাট ইজারাদার ও পর্যটনকেন্দ্রের ফটোগ্রাফারদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। সে ব্যাপারে তাদেরকে সচেতন করা হয়েছে।
সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম সাদিক বলেন, এরই মধ্যে সিলেটের বেশিরভাগ হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। আশা করছি এই ঈদের ছুটিতে সিলেটে প্রায় ১৫ লাখ পর্যটকের সমাগম ঘটবে।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদাউস বলেন, ‘এবার লম্বা ছুটি হওয়াতে অন্য বছরের তুলনায় বেশি সংখ্যক পর্যটক সমাগম হবে। তাছাড়া ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকায় এবার চাপ আরও বাড়বে। তিনি বলেন, এরই মধ্যে হোটেল-মোটেলগুলো ৬০-৭০ শতাংশ বুকড হয়ে গেছে। আশা করছি এবার ভালো ব্যবসা হবে।’
ঈদে সিলেটে ব্যাপক পর্যটক উপস্থিতি হতে পারে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের পরিদর্শক (নিরস্ত্র) গোলাম দস্তগীর আহমেদ। তিনি বলেন, এবার লম্বা সরকারি ছুটি হওয়ায় সিলেটে ব্যাপক পর্যটক উপস্থিতি হতে পারে। পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। পোশাকধারী ছাড়াও সাদাপোশাকেও তৎপরতা চালাবে ট্যুরিস্ট পুলিশ।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান বলেন, ইতোমধ্যে পর্যটন এলাকাগুলোয় প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে। পর্যটকদের নির্বিঘ্নে যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্যুরিস্ট পুলিশ একযোগে কাজ করবে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D