২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫৫ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামী আরও ২০০ জন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম।
তিনি জানান, গতরাতে মৌলভীবাজার মডেল থানায় বাদী হয়ে এ মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার।
মামলার এজহারে আসামী করা হয়েছে- সাবেক এমপি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি নেছার আহমদ, মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান সুমনসহ ১৫৫ জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ নানা পর্যায়ের নেতাকর্মীকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের চৌমোহনা, কোর্ট রোড, সেন্ট্রাল রোড, শমশেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার উপর হামলা চালায় অভিযুক্তরা। এ সময় তাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধলে অনেকেই হতাহত হন।
সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ আগস্ট জেলা সদরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় সাবেক এমপির নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদেরকে বাধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারধর করে তারা।
তিনি জানান, গতরাতে থানায় সাবেক এমপি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি নেছার আহমদসহ হামলায় জড়িত ১৫৫ জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় মামলায় আরও ২০০ জনকে অজ্ঞাত হিসেবে রাখা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D