বিয়ানীবাজার সরকারি কলেজে মাস্টার্স কোর্সের উদ্বোধন

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৭

বিয়ানীবাজার সরকারি কলেজে মাস্টার্স কোর্সের উদ্বোধন

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এ কোর্সের উদ্বোধন করেনে। এ সময় শিক্ষামন্ত্রী কলেজ বার্ষিকী ‘অন্বেষা’র মোড়ক উন্মোচন করেন।
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার উচ্চশিক্ষা গ্রহণ সহজতর করে দিয়েছে। একসময় বি.এ পড়তে সিলেটে যেতে হতো। আর এখন বাড়ি থেকে যাতায়াত করেই অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করা সম্ভব হচ্ছে। কিছুদিন পূর্বেও তা ছিল কল্পনাতীত। তিনি বলেন, আমরা চাই তরুণ প্রজন্ম সুশিক্ষিত হোক। উচ্চশিক্ষা গ্রহণ করেই তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান বয়ে আনুক। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কলেজে ১৫ কোটি টাকা ব্যয়ে ৮তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার মু. আসাদুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু প্রমুখ।