চেক জালিয়াতির মামলায় ইভ্যালির রাসেল ও শামীমার ১ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুন ২, ২০২৪

চেক জালিয়াতির মামলায় ইভ্যালির রাসেল ও শামীমার ১ বছরের কারাদণ্ড

চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে আদালতে দায়ের হওয়া একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২ জুন) চট্টগ্রামের ৭ম যুগ্ম মহানগর জজ মো. মহিউদ্দীনের আদালত এই রায় দেন। একইসঙ্গে তাদের এক লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আইনজীবী এম এস হোসেন সাহেদ বলেন, ২০২১ সালে বাদী জসিম উদ্দিন আবিদ ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চেক বাউন্স বা ডিজঅনারের অভিযোগ এনে মামলা করেন। সেই মামলায় বিচারক তাদের উভয়কে এক বছর করে কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের এপ্রিল মাসে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন আবিদ মোটরসাইকেল কেনার জন্য ইভ্যালিকে ১ লাখ ১০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু ইভ্যালির পক্ষ থেকে তাকে মোটরসাইকেলটি দেওয়া হয়নি। পরে একটি চেক দেওয়া যায় যেটি ব্যাংকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়।

এই ঘটনায় ভুক্তভোগী জসিম উদ্দিন আবিদ বাদী হয়ে ২০২১ সালের ২ অক্টোবর চট্টগ্রাম আদালতে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর এক মামলায় রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর রাসেল জামিনে মুক্তি পান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট