১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে তিন দিনব্যাপী জেলা গাইড ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ এ ক্যাম্পের উদ্বোধন করেন। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত এ ক্যাম্পে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস গাইডরা অংশ নিয়েছে।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষ সকলেই একে অন্যের উপর নির্ভরশীল। পারস্পরিক সহযোগিতার ফলে আমাদের সমাজ উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। কিন্তু কিছু বিভক্তি আমাদের নারী সমাজকে পেছনে রেখে দিচ্ছে। তাই নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে গার্লস গাইড আন্দোলনের বিকল্প নেই। এর মাধ্যমে নিজের আত্মবিশ্বাস ও শক্তিকে আরো বাড়িয়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। সিলেট অঞ্চলের আঞ্চলিক সচিব কামরুন নাহার শফিকের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিশনার শাহানা জাফরিন রোজী। অনুষ্ঠানে পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে ক্যাম্পের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী ডিগ্রি কলেজ, জৈন্তাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। ২১ জানুয়ারি শনিবার সমাপনী ও মহাতাঁবু জলসা অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী গাইড ক্যাম্পের সমাপ্তি ঘটবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, মানবতার সেবায় নিয়োজিত থেকে গার্ল গাইডসরা কাজ করে যাচ্ছেন। এই গাইডস আন্দোলনের মাধ্যমে আজ নারী সমাজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে। গাইড ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দায়িত্ববোধ, কর্মতৎপরতা সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেন, মেয়েরা আর পিছিয়ে নেই। গার্ল গাইডস এর মাধ্যমে আমাদের মেয়েরা এখন আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। গাইডস আন্দোলনের মাধ্যমে নারী সমাজের আত্ম মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D