৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৩
সিলেট সংবাদ ডেস্ক :: ভারত থেকে সিলেটের নগরীতে মোবাইল ফোনের চোরাচালান প্রবেশ করছে বার বার। এই চোরাচালান চক্রের মূল হোতা সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর ছেলে জয়। জয় পুলিশের হাতে একাধিক বার মোবাইল ফোনের চালানসহ গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, লিয়াকত পুত্র জয় চোরাচালানের জন্য ‘আরএস’ নামের একটি চক্র গড়ে তুলেছে। ভারত ও বাংলাদেশে এই চক্রের সদস্যরা রয়েছেন। তারা বাংলাদেশ থেকে হুন্ডির টাকা ভারতে পাঠান, ওপারে থাকা সদস্যরা মোবাইল ফোনের চালান বাংলাদেশে পাঠান। পরে তা সিলেট নগরীতে এসে প্রবেশ করে। সম্প্রতি এরকম মোবাইল ফোনের চালানসহ জয়কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, লিয়াকতের ছেলে জয় ভারতীয় চোরাই মোবাইলের চালানসহ শাহপরাণ থানার পুলিশের হাতে আটক হয়। প্রতিবারই তার কাছ থেকে কয়েকশ ভারতীয় মোবাইল হেন্ডসেট উদ্ধার করে আইনশৃংখলা বাহিনী।
গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জৈন্তাপুরে চোরাচালানের সময় ১৯৪টি ভারতীয় পুরোনো মুঠোফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় হওয়া মামলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলে মো. জয় আলীসহ (২৫) দুজনকে আসামি করা হয়েছে। বিজিবির জৈন্তাপুরের শ্রীপুর ক্যাম্পের নায়েব সুবেদার মকবুল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন। মামলার অপর আসামী উপজেলার নয়াবস্তি এলাকার বাসিন্দা মো. আসাদ উদ্দিন (৩০)। জব্দকৃত মোবাইল গুলোর আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ ১৫ হাজার। এর আগে গত বছরের ১৫ এপ্রিল লিয়াকত আলীর ছেলে জয় আলীসহ তিনজনকে সিলেটের শাহপরাণ থানা পুলিশ ১০০টি ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা মুঠোফোনসহ আটক করেছিল।
শাহপরাণ থানার ওসি আনিস রহমান বলেন,‘ জয়ের বিরুদ্ধে মোবাইল চোরাচালানে হাতেনাতে গ্রেপ্তারের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। তার একটি চক্র রয়েছে, তারা ভারত থেকে মোবাইল ফোন বাংলাদেশে নিয়ে আসে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D