২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, গত বছর ২৮ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। এদের বেশিরভাগই গিয়েছিলেন চিকিৎসার জন্য। কারণ, ভারতের বহু হাসপাতাল চলে বাংলাদেশের রোগীদের দিয়ে। থাইল্যান্ড, সিঙ্গাপুরও যাচ্ছেন আমাদের দেশের রোগীরা। মন্ত্রী বলেন, আমরা চাইলে সিলেটকে মেডিকেল হাব এ রূপ দেয়া যেতে পারে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট অঞ্চলের বেসরকারি স্বাস্থ্যসেবায় যুগান্তকারী ভূমিকা পালন করছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এইচডিইউ ও সম্প্রসারিত আইসিইউ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আবেদ হোসেনের সভাপতিত্বে সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, বিদেশে বাংলাদেশি চিকিৎসকদের প্রচুর চাহিদা রয়েছে। মালদ্বীপ, রোমানিয়া, হাঙ্গেরি আমাদের দেশ থেকে চিকিৎসক নিতে চায়। আমরা দিতে পারছি না। আমাদের নিজেদেরও ব্যাপক চাহিদা রয়েছে। তিনি বলেন, বেশি করে চিকিৎসক তৈরি হলে নিজেদের চাহিদা মিটিয়ে বিশ্বের চাহিদাও পূরণ করা সম্ভব।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, এই মেডিকেল কলেজ কাক্সিক্ষত সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এখানে দুই শতাধিক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। এটা আনন্দের বিষয়। তিনি বলেন, এর জন্য এই কলেজের প্রতিষ্ঠাতা ড. রাগীব আলীকে ধন্যবাদ দিতেই হয়। যার দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি আজকের এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে। মন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুললে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: মোর্শেদ আহমেদ চৌধুরী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ অসংখ্য শিক্ষা ও সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এ কে এম দাউদ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ তারেক আজাদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আরাফাত।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে প্রথম সারির একটি প্রতিষ্ঠান। তিনি বলেন, এই হাসপাতালে ব্যয় সরকারি হাসপাতাল থেকে হয়তো একটু বেশি, তবে কর্পোরেট দিক থেকে অনেক কম। হাসপাতালে সেবার মান অন্য যে কোন বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভালো। মেডিকেল কলেজে পড়াশোনার মানও অনেক উন্নত। হাসপাতালটি প্রতিষ্ঠা হয়েছিলো বলেই সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে। ভালো মানের চিকিৎসক তৈরি হচ্ছে। এরজন্য তিনি দানবীর ড. রাগীব আলীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তৃতাকালে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী বলেন, এই মেডিকেল কলেজ নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। জীবদ্দশায় মেডিকেল কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখে যেতে চাই। তিনি বলেন, এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি কোন কার্পণ্য করিনি। জীবনের উপার্জিত অর্থ বিলিয়ে দিয়েছি মানবসেবায় নিবেদিত এই প্রতিষ্ঠানটির জন্য। মাত্র ৩০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকরা আউটডোরে সেবা দিয়ে থাকেন। এই মানের সেবা অন্য কোথাও পাওয়া যায় না। দানবীর ড. রাগীব আলী বলেন, সকলের সহযোগিতায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ আজকের এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে। তিনি কলেজের অগ্রযাত্রায় সকলের সহযোগিতার ধারা অব্যাহত রাখার আহবান জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ বলেন, চিকিৎসাসেবায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানকার স্বাস্থ্যসেবা প্রদানের পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। তিনি বলেন, স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন এসেছে। আমাদের চিকিৎসক সমাজেরও রোগী ও তার স্বজনদের আস্থা অর্জনে ভূমিকা পালন করতে হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ দিন দিন গর্বের প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এই কলেজের সংকটময় মুহূর্তে পাশে থাকার চেষ্টা করেছি। যাতে চিকিৎসাসেবা ও পাঠদান কার্যক্রম ব্যাহত না হয়, সেই দিকে আমাদের নজর ছিলো। তিনি বলেন, প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলীকে ধন্যবাদ জানান।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, চিকিৎসাসেবায় দেশের আমূল পরিবর্তন এসেছে। বেসরকারি উদ্যোগেও ব্যাপক অগ্রগতি হয়েছে। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এর অন্যতম প্রমাণ। তিনি উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D