|
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২
জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল সিলেটে ঢিলেঢালাাবে পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা অবধি এই হরতাল পালন করা হয়। তবে সিলেটে জনজীবনে হরতালের তেমন কোনো প্রভাব ছিল না।
সকাল থেকে সিলেট মহানগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা পয়েন্টসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হরতালে যান চলাচল প্রায় স্বাভাবিকই ছিল। সাধারণ মানুষের জীবনযাত্রায়ও হরতালের তেমন প্রভাব পড়েনি।
সকাল থেকেই অফিসগামী লোকজন বাসা থেকে বেরিয়ে আসেন। নির্বিঘ্নে তারা অফিসে পৌঁছেন। নগরীর দোকানপাট, বিপণিবিতান সবগুলোই ছিল খোলা।
সকালে নগরের কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা ও রিকাবীবাজার এলাকায় যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে।
সকাল থেকে সিলেট নগরের বন্দরবাজার ও জিন্দাবাজারসহ বিভিন্ন স্থানে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা মিছিল করেন এবং রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন।
বক্তারা বলেন, ‘এ সরকার লুটপাটের সরকার, ভোট ডাকাতের সরকার। তারা আজ দুর্নীতিবাজ ও লুটেরাদের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে লুটেরাদের সুবিধার জন্য। যে কারণে সবকিছুর দাম বেড়েছে। ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তাই আপনারা (জনগণ) আমাদের হরতাল পালন করুন।’
এদিকে, হরতালকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন অন্যদিনের তুলনায় আজ কিছুটা সতর্ক অবস্থানে ছিল। বিভিন্ন পয়েন্টে বেশি সংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে দেখা গেছে।
তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় অর্ধদিবস হরতাল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D