১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬
বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের টানা অবস্থান ও স্লোগানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার রাতভর উপাচার্য ভবনের সামনে অবস্থান করেছে। পাঁচ শতাধিক শিক্ষার্থী উপাচার্যের ভবনের সামনে অবস্থান নেয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখানেই অবস্থান করছিলেন। এর আগে শাবি’র প্রথম ছাত্রী হল এবং সৈয়দ সিরাজুন্নেছা চৌধুরী হল থেকে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গেলেও তারা আন্দোলন থেকে সরে যায়নি। শিক্ষার্থীরা উপাচার্যের কাছ থেকে আশানুরূপ বক্তব্য না পাওয়ায় ‘ক্যাম্পাস খোলা’-র দাবিতে অনড় রয়েছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আমিনুল হক ভূইয়া বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। তোমরা তোমাদের আন্দোলন বন্ধ কর। তোমাদের দাবিটা বিবেচনা করা হবে।’ তবে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে স্পস্ট জানিয়ে দেন। জানা গেছে, শাবি খুলে দেওয়ার দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এতে করে উপাচার্য আমিনুল হক ভূইয়া সারারাত অবরুদ্ধ থাকেন।
এ সময় উপাচার্য ভবনের বিদ্যুৎ সংযোগও কয়েক দফা বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল। তবে রাত ১২টার পর থেকে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (২১ ডিসেম্বর) শাবি ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া ও হল দখলের ঘটনা ঘটে। এ ঘটনার পর শাবি প্রশাসনের লিখিত চিঠির অনুরোধে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত হলগুলোতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
এদিকে, শাবি খুলে দেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ভিসি ভবনের সম্মুখে অবস্থানের প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট বৈঠক বসেছে। ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D