গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি বিএনপির

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২২

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি বিএনপির

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপির তিন দিনের কর্মসূচি হচ্ছে- আগামী ৯ই জুন ঢাকা মহানগরসহ সকল মহানগরে এবং ১১ই জুন জেলা সদরে বিক্ষোভ ও ১৩ই জুন উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া অঙ্গ সংগঠন সমূহও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে যখন জন-জীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে, সেই সময় গ্যাসের মূল্য ২২.৭৮ টাকা বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসাবে আঘাত করল। রান্নার জন্য ব্যবহৃত চুলার গ্যাসের মূল্য বৃদ্ধি, সার কারখানার ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহকৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, সেই সঙ্গে প্রতি ঘনমিটার ১০ পয়সা ডিমান্ড চার্জ সংযুক্ত করে একদিকে মানুষের দৈনিন্দন জীবনের ব্যয় বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে এটি কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিটি দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। কোনো মতেই জনগণের পক্ষে এই ব্যয় ভার বহন করা সম্ভব হবে না।’
এ সময় অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে পুর্বের মূল্যে ফিরে যাওয়ার দাবি জানানো হয়।