পদ্মা সেতুর উদ্বোধনে সব দল দাওয়াত পাবে : কাদের

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধনে সব দল দাওয়াত পাবে : কাদের

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ জুন) মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের আয়োজনে নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, চলতি মাসের ২৫ তারিখ সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকসহ দেশের সব বিরোধী, ডান-বামসহ সবাইকে দাওয়াত দেওয়া হবে। কারণ এটি জাতীয় অনুষ্ঠান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আমন্ত্রণ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেব। এখন উনি তো সাজাপ্রাপ্ত। বিএনপি চেয়ারপারসন হিসেবে পাওয়ার কথা রয়েছে। তবে আমরা নিয়ম জেনে দেব। বিরোধীরা সবাই পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে দাওয়াত পাবেন। বিএনপি নেতারাও দাওয়াত পাবেন।

অনুষ্ঠানে নির্বাচন এবং বিএনপি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি একটা বড় দল, তারা নির্বাচনে আসুক আমরা চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। এখন নির্বাচনে অংশ না নিয়ে যদি তারা মনে করে হত্যা সন্ত্রাসের পথে থাকবেন। তারা যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসবেন, তাহলে এই রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রশাসন এবং সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ব্র্যাক জেন্ডার কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরী, বিশ্ব ব্যাংক ঢাকার কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াং টেমবন প্রমুখ।