বদলে গেল দেশের নাম, ‘তুরস্ক’ এখন ‘তুর্কিয়ে’

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুন ৩, ২০২২

বদলে গেল দেশের নাম, ‘তুরস্ক’ এখন ‘তুর্কিয়ে’

মুসলিম রাষ্ট্র তুরস্কের নাম পরিবর্তন করে রাখা হলো ‘তুর্কিয়ে’। এখন থেকে ইউরোপের এই দেশটিকে তুর্কিয়ে নামেই চিনবে সকলে। সম্প্রতি দেশের নাম পরিবর্তনের জন্য জাতিসংঘের কাছে অনুরোধ জানায় আঙ্কারা। মূলত সেই প্রস্তাবেই সম্মতি জানায় জাতিসংঘ।

২০২১ সালে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান দেশটির নতুন নামকরণ নিয়ে প্রচারণা শুরু করেন। এবার আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে তুরস্কের নাম পরিবর্তনের জন্য অনুরোধ জানানো হবে বলে জানা গেছে।

গত বছরের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, তুর্কিয়ে হলো তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সেরা উপস্থাপনা। এমনকি তা আমাদের অভিব্যক্তি প্রকাশের অন্যতম প্রতীকও।

জাতিসংঘ জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষের অনুরোধের পর চলতি সপ্তাহে নাম পরিবর্তনে সম্মতি জানানো হয়েছে।

অবশ্য এর আগেই তুরস্কের অধিকাংশ মানুষ দেশের নাম তুর্কিয়ে বলেই জেনে গেছে। এছাড়া ইংরেজিতে তুর্কি নামটি দেশে–বিদেশে কয়েক বছর যাবত ব্যবহৃত হচ্ছে। গত বছর নাম পরিবর্তনের প্রস্তাবটি ঘোষণা হওয়ার পরপরই তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি নাম বদল করে ফেলে।

যদিও দেশটির প্রেসিডেন্টের এই পদক্ষেপের বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে সরকারি কর্মকর্তারা বিষয়টিকে সমর্থন জানিয়েছেন। তবে অনেকেই বলছেন যে- এটি একটি অকার্যকর বিভ্রান্তি। কারণ অর্থনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট আগামী বছর নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, বিশ্বে কোনো দেশের নাম পরিবর্তন করা কোনো অস্বাভাবিক ঘটনা নয়।

২০২০ সালে হল্যান্ড নামকে বাদ দিয়েছে নেদারল্যান্ডস। তার আগে গ্রিসের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে ম্যাসেডোনিয়া নিজেদের নাম পরিবর্তন করে উত্তর মেসিডোনিয়া রাখে এবং ২০১৮ সালে সোয়াজিল্যান্ড হয়ে যায় এস্বাতিনি।

ইতিহাসের আরও পিছনে গেলে দেখা যায়, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে এক সময় পারস্য বলা হতো। এক সময়কার সিয়াম এখন থাইল্যান্ড এবং রোডেশিয়াকে জিম্বাবুয়ে বলা হতো।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট