সিলেটে ভূমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মে ২৭, ২০২২

সিলেটে ভূমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

সিলেটের কুমারগাঁওয়ে ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বরে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৭ মে) জুম’আর নামাজের পর মসজিদ কমিটি ও স্থানীয় ময়না মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পঞ্চায়েতের এক মুরব্বীকে একপক্ষের লোকজন গালিগালাজ করে। এ নিয়ে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি সংঘর্ষের দিকে গড়ায়।

একদিকে পঞ্চায়েত পক্ষ, অন্যদিকে ময়না মিয়ার বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে সংঘাতে জড়িয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এসময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় পঞ্চয়েতের পক্ষে বিভিন্ন এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

এসময় নারীদেরকে ইটের টুকরো ও পাথর এগিয়ে দিয়ে সহায়তা করতে দেখা গেছে।

অন্যদিকে, ময়না মিয়ার বাড়ির লোকজন হামলায় কোনঠাসা হলেও প্রতিহতের চেষ্টা করেন। উভয় পক্ষে ইটপাটকেলে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রায় পৌণে ১ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষস্থল ত্যাগ করেন।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট