আসামে বন্যায় ২৮ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

আসামে বন্যায় ২৮ জনের মৃত্যু

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ২৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। রাজ্যের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। খবর আল-জাজিরার।

ভারি বৃষ্টি এবং বন্যায় মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, তারা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।

ভারতীয় মিডিয়া এনডিটিভি জানায়, ব্রহ্মপুত্রের উপনদী কপিলি নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল ১৭ মে থেকে হোজাই এবং নাগাঁও জেলার বিশাল অংশ জুড়ে নদীর পানি সর্বোচ্চ স্তরে প্রবাহিত হচ্ছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) বলছে, এবারের বন্যার কারণে ১৫ জেলার প্রায় ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া আরও ৭২ হাজারের অধিক মানুষ এখনো রাজ্যের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের আশ্রয় শিবিরে অবস্থান করছেন।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে রাজ্যটির প্রায় ৩৩টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ বাসিন্দাকে এএডিএমএ থেকে বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থান নিতে হয়েছে বলা হয়েছে।

এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের সদস্য, দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, দেশটির সামরিক বাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীসহ বেশ কয়েকটি সরকারি সংস্থাকে ত্রাণ ও উদ্ধার কাজে মোতায়েন রাখা হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট