বিয়ানীবাজারে মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য আটক

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

বিয়ানীবাজারে মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য আটক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে চুরি হওয়ায় দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি একাধিক অভিযান চালিয়ে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গোলাপগঞ্জ উপজেলা বাঘা ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে রুবেল আহমদ (২৭), একই গ্রামের শানুর মিয়ার ছেলে সাজ্জাদুল ইসলাম শাহী (২২), আব্দুল লতিফের ছেলে আব্দুল আহাদ (৩০), দক্ষিণ সুরমার গোয়ালগাও গ্রামের লিলু মিয়ার ছেলে জয়নাল মিয়া শিপন (২১) ও একই গ্রামের রফিক মিয়ার ছেলে হাসানুর রহমান হাসান (২২)।

থানা পুলিশ সূত্র জানায়, ২০২১ সালের গত ৩১ মে দিবাগত রাতে বিয়ানীবাজার উপজেলার চারাখাই এলাকা থেকে দুটি মোটরসাইকেল অজ্ঞাতনামা চোর সদস্যরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় ভুক্তভোগীরা মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২১ ফেব্রুয়ারি রাতে মোটরসাইকেল চোরচক্রের মুলহোতা রুবেল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে রুবেল আহমদকে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার অন্য সহযোগীদের নাম সংগ্রহ করে। পরে রুবেল আহমদের তথ্যানুসারে গত ২৪ ফেব্রুয়ারি প্রথমে সাজ্জাদুল ইসলাম শাহী ও আব্দুল আহাদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে শাহী ও আহাদের তথ্যানুসারে অন্য দুই সহযোগী শিপন ও হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। একইসাথে শিপন ও হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল দুইটির একটি সিলেটের বিশ্বনাথ থেকে এবং অপরটি দক্ষিণ সুরমা থেকে উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, গ্রেপ্তারকৃত রুবেল আহমদকে গত ২২ ফেব্রুয়ারি এবং অন্য চারজন মোটরসাইকেল চোরকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।